কেআইবি চত্বরে জুনিয়র কর্মকর্তার ঘুষিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা
আহত বনি আমিন খান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ১৪:৩৮
রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) এক সিনিয়র কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় কৃষি প্রশাসনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার রাতে সংঘটিত এ ঘটনায় আহত হয়েছেন ডিএইয়ের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংগনিরোধ উইং) ও ২৯তম বিসিএস কৃষি ক্যাডারের কর্মকর্তা বনি আমিন খান।
সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোমবার রাত পৌনে ৮টার দিকে কেআইবি চত্বরে বনি আমিন খানের সঙ্গে ডিএইয়ের অতিরিক্ত উপপরিচালক (প্রশাসন-২) এবং ৩১তম বিসিএস কৃষি ক্যাডারের কর্মকর্তা এ এম মাসুম বিল্লাহর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মাসুম বিল্লাহ বনি আমিন খানের মুখে একাধিক ঘুষি মারেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ঘটনায় বনি আমিন খানের মুখমণ্ডল ফুলে যায় এবং বাম চোখের নিচে আঘাত লেগে রক্তপাত হয়। পরে উপস্থিত কর্মকর্তা ও কেআইবির সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বনি আমিন খান বলেন, ‘কেআইবি চত্বরে হামলার শিকার হয়েছি। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাসায় যায়। বিষয়টি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করেছি এবং ঘটনার বিচার চেয়ে লিখিত আবেদন করবো।’
অন্যদিকে এ এম মাসুম বিল্লাহ ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘটনার পরপরই সেখানে উপস্থিত এ্যাব নেতাদের সামনে আমি স্যারের কাছে দুঃখ প্রকাশ করেছি। আমি তার কাছে ক্ষমা চেয়েছি।’
খামারবাড়ি কেন্দ্রিক কৃষি প্রশাসনের একাধিক সূত্র বলছে, দুই কর্মকর্তার মধ্যে দীর্ঘদিনের মতবিরোধ কেন্দ্র চলছিল। এর জেরেই এ ঘটনা ঘটেছে বলে।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বলেন, ‘ঘটনাটি জেনেছি। কোনো কর্মকর্তার বিরুদ্ধে শারীরিক হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে ঘটনার পর ডিএইয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রশাসনিক শৃঙ্খলা ও কর্মপরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে এ এম মাসুম বিল্লাহর বিরুদ্ধে পূর্বে উত্থাপিত বদলি বাণিজ্য, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে।
