ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

মায়ের ভরণপোষণ না দেওয়ার মামলায় ছেলে কারাগারে

মায়ের ভরণপোষণ না দেওয়ার মামলায় ছেলে কারাগারে
×

প্রতীকী ছবি

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ২১:১৪

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বৃদ্ধ মাকে ভরণপোষণ না দেওয়া এবং মারধরের অভিযোগে আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভুক্তভোগী মা রোকেয়া বেগমের করা ওই মামলায় অভিযুক্ত ইউছুফকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গতকাল সোমবার আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত ইউছুফ উপজেলার চেড়িয়ারা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে তার মা রোকেয়া বেগমের চিকিৎসা ও পরিচর্যা এবং ভরণপোষণের দায়িত্ব পালন করছিলেন না। গত ২ জুন অভিযুক্ত ইউছুফ তার মাকে মারধর করে গুরুতর আহত করেন। পরে রোকেয়া বেগম মারধর ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে থানায় মামলা করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আব্দুল কুদ্দুস সোমবার আবু ইউছুফকে গ্রেপ্তার করেন।

তদন্ত কর্মকর্তা জানান, ইউছুফ মাদ্রাসায় পড়াশোনা করেছেন। এখন কোথাও কাজ না করলেও বিভিন্ন সময়ে তিনি স্থানীয় একাধিক মসজিদে ইমামতি করেছেন।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, আইন অনুযায়ী বাবা-মায়ের দেখভালের দায়িত্ব সন্তানদের। এ সংক্রান্ত মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

আরও পড়ুন

×