ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

রাজশাহীতে আ. লীগের ঝটিকা মিছিল

রাজশাহীতে আ. লীগের ঝটিকা মিছিল
×

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ২২:০৮

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর রাজশাহীতে প্রথমবারের মতো আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়েছে। আজ মঙ্গলবার সকালে পবা উপজেলার নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ মিছিল বের করা হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী মিছিলে অংশ নেন।

মিছিলের ব্যানারের এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং অন্য পাশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দীনের ছবি ব্যবহার করা হয়েছে। ব্যানারে লেখা ছিল ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না, অবিলম্বে প্রত্যাহার করতে হবে’। এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে পুঠিয়াপাড়া এলাকায় হঠাৎ করেই মিছিলটি বের করা হয়। কয়েক মিনিটের মধ্যেই তারা মিছিল শেষ করে চলে যান। মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মীর মুখে মাস্ক ছিল। তবে কাটাখালী পৌরসভা যুবলীগের আহ্বায়ক জনি ইসলামের মুখে মাস্ক ছিল না।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ঝটিকা মিছিলের বিষয়টি তিনি শুনেছেন। কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় এ ধরনের কর্মসূচি পালন করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। 

আরও পড়ুন

×