ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মুক্তিযুদ্ধের বই পড়ার শর্তে বিএনপি ও যুবদল নেতার মুক্তি

মুক্তিযুদ্ধের বই পড়ার শর্তে বিএনপি ও যুবদল নেতার মুক্তি
×

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩ | ১৬:৩৫ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ | ১৬:৩৫

বগুড়া থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটুক্তির দায়ে বিএনপির দুই নেতাকে এক বছরের প্রবেশন কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে তাদের মুক্তিযুদ্ধবিষয়ক ১২টি বই পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আদালতে জরিমানার অর্থ জমা দেওয়ায় তাদের কারাভোগও করতে হবে না। তবে আদালতের শর্ত অনুযায়ী তিন মাস পর পর হাজিরা দিতে হবে।

রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান রোববার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও বগুড়া শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি।

আদালতের সরকারি আইনজীবী (পিপি) ইসমত আরা জানান, জরিমানার দুই লাখ টাকার মধ্যে এক লাখ টাকা বাদীকে আর বাকি এক লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।

আসামিপক্ষের আইনজীবী মাহমুদুর রহমান রুমন জানান, রায়ে দু’জনকে বাদীর কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দেন। পাশাপাশি ২০টি বৃক্ষরোপণ, মুক্তিযুদ্ধবিষয়ক ১২টি বই পড়া এবং সাইবার সচেতনা বিষয়ক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বাদী বগুড়া থেকে প্রকাশিত ‘দৈনিক মহাস্থান’-এর প্রকাশক তানভীর আলম রিমন জানান, ২০২০ সালের ১৬ নভেম্বর ‘হেনা গংদের কাছে জিম্মি বগুড়া বিএনপি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। ওই প্রতিবেদন প্রকাশের পাঁচদিনের মাথায় ২০২০ সালের ২১ নভেম্বর যুবদল নেতা আদিল শাহরিয়া গোর্কি ফেসবুকে তার বিরুদ্ধে কটূক্তি করেন।

এর ৮ দিন পর ২০২০ সালের ২৯ নভেম্বর বিএনপি নেতা আলী আজগার তালুকদার হেনাও অনুরূপভাবে তার ফেসবুক আইডি থেকে কটূক্তি করে পোস্ট দেন। বিষয়টি জানার পর ২০২১ সালের ১ জানুয়ারি ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন তিনি।

আরও পড়ুন

×