ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

অপপ্রচার বন্ধে গণমাধ্যমের সতর্ক দৃষ্টি প্রয়োজন: মুক্তিযুদ্ধমন্ত্রী

অপপ্রচার বন্ধে গণমাধ্যমের সতর্ক দৃষ্টি প্রয়োজন: মুক্তিযুদ্ধমন্ত্রী
×

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪ | ২২:৫৪

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। বস্তুনিষ্ঠ সমালোচনা সরকারকে শক্তিশালী করে। তবে, অপপ্রচার বন্ধেও সতর্ক দৃষ্টি দেওয়া উচিত। 

সোমবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে মিলনায়তনে বার্তা প্রবাহের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

স্বাধীন গণমাধ্যমের প্রসারের মাধ্যমেই গণতন্ত্র সুসংহত হয়– এ কথা উল্লেখ করে অনুষ্ঠানে মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক আরও বলেন, সংসদীয় গণতন্ত্রের চর্চায় এবং দেশের সামাজিক-অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রযাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণমাধ্যমকর্মীরা নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে গণমাধ্যম কার্যকর হয়ে ওঠে। 

তিনি বলেন, দেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যাপক সম্প্রসারণের মধ্য দিয়ে তথ্য নির্ভর সমাজ গঠনের পথে এগিয়ে নিচ্ছে সরকার। গণতন্ত্রের বিকাশ, লালন ও পরিচর্যায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।

মন্ত্রী বলেন, এদেশের গণমাধ্যম দেশ ও জাতির বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতীতের ধারাবাহিকতায় সাহসী, নির্মোহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় বার্তা প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।

বার্তা প্রবাহের সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মেজর জেনারেল অব. মো. সালাহ উদ্দিন মিয়াজী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, দ্য সাউথ এশিয়ান টাইমস সম্পাদক দীপক কুমার আচার্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মানিক লাল ঘোষ প্রমুখ।

আরও পড়ুন

×