দুপুরে দেশে ফিরছেন ২৮ নাবিক, নেই শুধু হাদিসুর
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ০৮ মার্চ ২০২২ | ১২:০০ | আপডেট: ০৮ মার্চ ২০২২ | ২৩:৪৩
যাওয়ার সময় ২৯ জন গিয়েছিলেন একসঙ্গে। তুলেছিলেন তারা দলবদ্ধ ছবিও। সেই ছবিতে হাস্যোজ্জ্বল ছিলেন হাদিসুর। কে জানত, তার এই ছবিই হবে সহকর্মীদের সঙ্গে শেষ ছবি! হাদিসুরকে রেখেই আজ বুধবার মৃত্যু উপত্যকা ইউক্রেন ছেড়ে দেশে ফিরছেন ২৮ নাবিক। ১৩ দিনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আজ ভুলতে চাইবেন তারা। সিক্ত হবেন তারা স্বজনদের আনন্দ অশ্রুতে। কিন্তু এ আনন্দ আরও দুঃখ বাড়াবে হাদিসুরের পরিবারের মাঝে। সবারই প্রত্যাবর্তন অক্ষত অবস্থায়। শুধু লাশ হয়ে দূরদেশে পড়ে রইলেন হাদিসুর। তার লাশ দেশে আনতে আরও সপ্তাহখানেক লাগতে পারে; বলছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, '২৮ নাবিক রোমানিয়ার বিমানবন্দর থেকে মঙ্গলবার রাত ১০টায় রওনা দিয়েছেন। বুধবার দুপুর দেড়টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তারা।' সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সাখাওয়াত হোসাইন বলেন, 'প্রক্রিয়াগত জটিলতার কারণে ২৮ নাবিকের সঙ্গে আসছে না হাদিসুরের লাশ। নানা আনুষ্ঠানিকতা শেষ করতে ছয় থেকে সাত দিন লাগতে পারে। এ ব্যাপারে নিয়মিত যোগাযোগ রাখছি আমরা।'
জাহাজ পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক (চার্টারিং ও পরিকল্পনা) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান গণমাধ্যমকে জানান, ২৮ নাবিক যাতে নিরাপদে দেশে ফিরতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইউক্রেনের অলভিয়া বন্দরে পরিত্যক্ত অবস্থায় থাকা জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির ক্ষতিপূরণ পেতে বীমা কোম্পানির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তবে কবে নাগাদ জাহাজটি মেরামত করে দেশে ফিরিয়ে আনা হবে, তা এখনই বলতে পারছে না বিএসসি।
এদিকে বিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুদ্ধাবস্থায় ইউক্রেনে জাহাজ পাঠানোর ব্যাপারে তাদের কোনো গাফিলতি নেই। তারা সর্বোচ্চ আন্তরিকতার মাধ্যমে পুরো বিষয়টি সমাধান করেছেন। বাংলাদেশের জাহাজটি যখন ইউক্রেনের সমুদ্রসীমায় যায়, তখন যুদ্ধ শুরু হয়নি। বাংলার সমৃদ্ধিসহ আরও ২১টি জাহাজ একই দিন অলভিয়া বন্দরে অভ্যন্তরীণ অ্যাংকরেজে প্রবেশ করে। দুর্ভাগ্যবশত বাংলাদেশের জাহাজে গোলা এসে পড়ায় নিহত হন হাদিসুর রহমান। ২৮ নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিএসসি।
