ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

রমজানে জনগণকে জিম্মি করবেন না: ব্যবসায়ীদের ওবায়দুল কাদের

রমজানে জনগণকে জিম্মি করবেন না: ব্যবসায়ীদের ওবায়দুল কাদের
×
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২২ | ০৪:৪৪ | আপডেট: ১০ মার্চ ২০২২ | ০৮:১৯

আসন্ন পবিত্র রমজান মাসে জনগণকে জিম্মি করে অতিলাভ ও লোভে ব্যবসা না করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে ব্যবসায়ীদের প্রতি এই আহ্বান জানান সড়ক পরিবহনমন্ত্রী। 

তিনি বলেন, পাশাপাশি অবৈধভাবে পণ্য মজুতদারিতা, সংরক্ষণ এবং যেকোনও সিন্ডিকেট গঠন থেকেও বিরত থাকতে হবে।

ওবায়দুল কাদের বলেন, বাজারে যেকোনও ধরনের জনস্বার্থবিরোধী সিন্ডিকেটের অস্তিত্ব শেখ হাসিনা মেনে নেয়নি, নেবে না এবং প্রশ্রয়ও দেবে না। যেসব ব্যবসায়ী রমজান মাসকে টার্গেট করে জনস্বার্থবিরোধী এবং বাজার অস্থিতিশীল করার কাজ করেন, তাদের সতর্ক হওয়ার পাশাপাশি সংযম হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে এক দেশের ঘটনাপ্রবাহ অন্য দেশে প্রভাব ফেলে। রাশিয়া, ইউক্রেন সংকটে আন্তর্জাতিক বাজারে কয়েকটি পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে বিশ্বব্যাপী। তারই অংশ হিসেবে বাংলাদেশের বাজারেও কয়েকটি পণ্যের মূল্যবৃদ্ধি ঘটেছে।

তিনি বলেন, আশার কথা হলো, শেখ হাসিনা সরকার জনগণের অসুবিধা সৃষ্টি করে এমন বিষয়ে কখনো নীরব থাকেনি, এবারও থাকবে না। জনগণের জীবনমানের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মাঝে বাজারে স্থিতিশীলতা আনতে টিসিবির মাধ্যমে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি জোরদার করা হয়েছে, এ ব্যবস্থা জনস্বার্থে আরও সম্প্রসারণ করা হবে।

পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশবাসীকে আস্বস্ত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রমজানে কোনো পণ্য সরবরাহে ঘাটতি নেই এবং ঘাটতি হবে না। পর্যাপ্ত পণ্য মজুদ থাকা স্বত্তেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী রমজান এবং বিশেষ বিশেষ সময়ে কৃত্রিম সঙ্কট তৈরি করে। এসব অসাধুচক্রের বিরুদ্ধে সরকার সোচ্চার রয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হুঁশিয়ার করে দিয়ে বলেন, রমজান মাসে কোনো অসাধু চক্রের কারসাজি সফল হতে দেওয়া হবে না। কৃত্রিম সঙ্কট তৈরি করে মূল্যবৃদ্ধির অপচেষ্টাকেও সুযোগ দেওয়া হবে না। এ লক্ষ্যে ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় নানামুখি উদ্যোগ নিয়েছে। বাজার ব্যবস্থায় মনিটরিং জোরদার করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী নিজেই বাজার পরিস্থিতি মনিটর করছেন বলে জানান ওবায়দুল কাদের।

আরও পড়ুন

×