মঠবাড়িয়ায় স্ত্রী ও ছেলেমেয়ে হত্যায় আলমগীরের মৃত্যুদণ্ড বহাল
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ মার্চ ২০২২ | ০৮:০৯ | আপডেট: ২৮ মার্চ ২০২২ | ০৮:০৯
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রী ও ছেলেমেয়েকে হত্যার দায়ে মো. আলমগীর হোসেনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রায় দেন।
রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, আসামি আলমগীর হোসেন মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন। পশুর চেয়ে ঘৃণিত উপায়ে স্ত্রী ও দুই নিষ্পাপ শিশু সন্তানকে হত্যা করেছেন। তিনি সমাজের জন্য বিপজ্জনক। তাই আসামি আলমগীর হোসেন আদালতের অনুকম্পা পেতে পারেন না।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ এবং আসামির পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। আইনজীবী সূত্রে জানা যায়, আসামি আলমগীর ২০১৫ সালে হাইকোর্ট থেকে জামিন পান। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। এ জন্য তার পক্ষে হাইকোর্টে রাষ্ট্রপক্ষে আইনজীবী নিযুক্ত করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর পাঠাকাটা গ্রামের শল্যচিকিৎসক আলমগীর হোসেন অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ২০০৮ সালের ২২ জুন নিজের স্ত্রী হাফিজা বেগম এবং ১১ বছরের ছেলে আশরাফুল ও তিন বছরের মেয়ে জামিলাকে ঘুমের ওষুধ খাইয়ে ও কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় হাফিজার ভাই মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেন।
ওই মামলায় ২০১৬ সালে আসামি আলমগীর হোসেনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। এরপর ওই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আলমগীর, অন্যদিকে তার মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন চেয়ে রাষ্ট্রপক্ষে হাইকোর্টে আবেদন করা হয়।
