ছাত্র-শিক্ষক রাজনীতি ও র্যাগিং বন্ধে হাইকোর্টে রিট
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ | ০৩:৩৮ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ | ০৫:০৬
বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ চেয়ে ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দের করা এই রিট আবেদনে পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগিং বন্ধেও প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়েছে। রিটে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া বুয়েটসহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা এবং রাজনৈতিক বিবেচনায় উপাচার্য এবং শিক্ষক নিয়োগ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।
ইউনুছ আলী আকন্দ বলেন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চে রোববার রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে। আদালত তারিখ দিলে শুনানি হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চলতে দেওয়া অসাংবিধানিক। এর কোনও আইনগত ভিত্তি নেই। বুয়েটের ছাত্র আবরারের নির্মম হত্যাকাণ্ডের পর প্রমাণ হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি রাখার কোনও যৌক্তিকতা নেই।
রিট আবেদনে কয়েকটি বিষয়ে রুল চাওয়ার পাশাপাশি ওই সব নির্দেশনাও চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, বুয়েট, ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আওয়ামী লীগের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনকে রিটে বিবাদি করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে আবরার ফাহাদ হত্যার ঘটনায় বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও নিষিদ্ধ করা উচিত। বিশ্ববিদ্যালয়ে জুনিয়র শিক্ষার্থীদের উপর র্যাগিংয়ের নামে অমানবিক নির্যাতন চালানো হয়; যা সংবিধানের ১১, ৩১, ৩২, ৩৪, ৩৫(৫), ৩৬, ৩৮, ৩৯ ও ৪০ অনুচ্ছেদ ও ঘোষণাপত্রের লঙ্ঘন। তাছাড়া সংবিধানের ৭, ২৬, ২৭, ২৮, ৩১, ৪০ ও ঘোষণাপত্র অনুযায়ী আওয়ামী লীগ-বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত।
- বিষয় :
- ছাত্র-শিক্ষক রাজনীতি
- র্যাগিং
- রিট
