জম্মু কাশ্মীর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২ | ২১:১৭ | আপডেট: ০৭ এপ্রিল ২০২২ | ২১:১৭
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় বিরোধপূর্ণ সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের ভারত-পাকিস্তান সীমান্তের আন্তর্জাতিক বর্ডার থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে বিএসএফ। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মোহাম্মদ সিরাজ। তার বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায়।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী জানায়, পাকিস্তান সীমান্তের কাছে বছর পঞ্চাশের ওই ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় মঙ্গু চক এলাকায় বিএসএফ সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
এসময় অবশ্য তার কাছে কোনো অপরাধমূলক উপাদান খুঁজে পায়নি বিএসএফ। তবে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।
