ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খন্দকার মোশতাককে 'শ্রদ্ধা': অধ্যাপক রহমত উল্লাহকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি

খন্দকার মোশতাককে 'শ্রদ্ধা': অধ্যাপক রহমত উল্লাহকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি
×

অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২ | ০৭:০৫ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ | ০৭:০৭

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় খন্দকার মোশতাকের প্রতি শ্রদ্ধা জানানোর অভিযোগে ঢাবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রহমত উল্লাহকে সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সিন্ডিকেট সদস্য জানান, প্রথমে সিন্ডিকেটে অধ্যাপক রহমত উল্লাহর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়। এরপর তাকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে অধ্যাপক রহমত উল্লাহর কাছ থেকে তার বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে৷

এর আগে গত ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে অধ্যাপক মো. রহমত উল্লাহ মুজিবনগর সরকারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে খন্দকার মোশতাক আহমদের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে, খন্দকার মোশতাকের প্রতি শ্রদ্ধা জানানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অধ্যাপক ড. রহমত উল্লাহর বিচারের দাবিতে পরিদন ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জমানের কাছে স্মারকলিপি দেয় ঢাবি শাখা ছাত্রলীগ।

এ ঘটনায় অবশ্য ইতোমধ্যেই ক্ষমা চেয়েছেন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ। ক্ষমা চাওয়ার সময় মোশতাককে শ্রদ্ধা জানানোর বিষয়টিকে ‘অনিচ্ছাকৃত’ বলে উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন

×