স্টামফোর্ডে সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মারক বক্তৃতা অনুষ্ঠিত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ১১:৫৬ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ | ১৩:০২
রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে 'গ্রামীণ সাংবাদিকতার চ্যালেঞ্জ' শীর্ষক সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম ও জেআরএন বুকবাজের আয়োজনে এই বক্তৃতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- টিভি টুডে'র এডিটর ইন চিফ মনজুরুল আহসান বুলবুল। আলোচক ছিলেন- একাত্তর টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান ও উপকূল সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।
মনজুরুল আহসান বুলবুল তার বক্তব্যে সাংবাদিক মোনাজাতউদ্দিনকে স্মরণ করে তার সঙ্গে নানান স্মৃতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, সাংবাদিকতায় চ্যালেঞ্জ থাকবেই। এগুলো অতিক্রম করে যে যেতে পারবে সে-ই সফল হতে পারবে। রিপোর্টারের কোনো সীমান্ত নেই। এখন সবার বিশ্বাস অর্জন করাই সাংবাদিকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ সময় তিনি সরকার কর্তৃক গণমাধ্যম বিষয়ক বিভিন্ন আইনেরও সমালোচনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি ছাইফুল ইসলাম মাছুম। আরও বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল মতিন, সাংবাদিক ফোরামের কনভেনর ও সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, সৈয়দা আখতার জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান কাজী আবদুল মান্নান।
