'অনিককে কারাগারে মারধরের ঘটনা ঘটেনি'
অনিক সরকার- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ | ১০:৩২
বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার অনিক সরকারকে কারাগারে মারধরের করার তথ্যটি একটি গুজব।
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলার মাহবুবুর রহমান রোববার সমকালকে এতথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটা পুরোপুরি গুজব।'
এরআগে দিনভর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়, আবরার হত্যা মামলার আসামি অনিক সরকারকে কারাগারের ভেতরে মারধর করেছে অন্য বন্দিরা।
গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে। এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনের নামে একটি হত্যা মামলা করেন।
আবরার হত্যার ঘটনায় এরই মধ্যে আদালতে জবানবন্দি ও পুলিশের জিজ্ঞাসাবাদে রোমহর্ষক তথ্য দিয়েছেন অনিক। শনিবার মহানগর হাকিম আতিকুল ইসলাম তার খাস কামরায় আসামির জবানবন্দি নেন।
অনিক বুয়েট শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক। আবরার হত্যার পর তাকে ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
জবানবন্দি
নেওয়ার পর অনিককে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
- বিষয় :
- অনিক সরকার
- আবরার হত্যা
- বুয়েট
