বশেমুরবিপ্রবিতে সংঘর্ষের পর ঘটনা তদন্তে কমিটি
সংঘর্ষের পর আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হচ্ছে- সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ২১:৫১
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর ঘটনা তদন্তে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও আইন বিভাগের শিক্ষার্থীদের মাঝে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এর কারণ উদ্ঘাটন এবং উপযুক্ত সুপারিশের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হলো।
তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম এ সাত্তারকে এবং সদস্য সচিব করা হয়েছে শেখ রাসেল হলের প্রভোস্ট মো. ফায়েকুজ্জামান মিয়াকে। কমিটির অন্য সদস্যরা হলেন- শেখ রেহেনা হলের প্রভোস্ট মো. রোকনুজ্জামান, সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মো. সোলায়মান হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মো. নেসারুল হক, আইন বিভাগের সভাপতি মানসুরা খানম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. হাসিবুর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক মো. রাকিবুল ইসলাম।
তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দীন আহমেদের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে কয়েক দিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অন্তিকের বিরুদ্ধে। এ ঘটনার জের ধরে রোববার দুপুরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ওই শিক্ষার্থীসহ কয়েকজন অন্তিকের কাছে বিষয়টি জানতে চাইলে তাদের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত ১৯ শিক্ষার্থী আহত হয়। সংঘর্ষ চলাকালে কয়েকটি শ্রেণিকক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়।
- বিষয় :
- বশেমুরবিপ্রবি
- বশেমুরবিপ্রবিতে সংঘর্ষ
