ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সেন্টমার্টিনকে পর্যটকবান্ধব করার দাবি টোয়াবের

সেন্টমার্টিনকে পর্যটকবান্ধব করার দাবি টোয়াবের
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২২ | ০৫:৫৪ | আপডেট: ১১ জুন ২০২২ | ০৫:৫৮

পর্যটকদের ভ্রমণ সীমিত না করে সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপকে আরও পর্যটকবান্ধব করার দাবি জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নেতারা। 

শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে ‘পর্যটন বাঁচান, সেন্টমার্টিন বাঁচান’ শিরোনামে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন টোয়াবের সহসভাপতি মো. সাহেদ উল্লাহ। টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরেশীর সভাপতিত্বে বক্তব্য রাখেন টোয়াবের সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান, হোটেল ওনার্স এসোসিয়েশন অব সেন্টমার্টিন্সের (হোস্ট) সাধারণ সম্পাদক আবু জাফর পাটোয়ারী, সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমেদ ও সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।

তারা বলেন, ভ্রমণ সীমিত না করে সুষ্ঠু ব্যবস্থাপনা ও নীতিমালা প্রণয়নের মাধ্যমে জীব-বৈচিত্র এবং প্রাকৃতিক পরিবেশ অক্ষুন্ন রাখা সম্ভব। দেশে সমুদ্র ভ্রমণের সুযোগ সংকুচিত হলে পর্যটকরা বিদেশমুখী হবে। এতে বিপুল অর্থ বিদেশে চলে যাবে। 

সংবাদ সম্মেলন জানানো হয়, সেন্টমার্টিনে ১০ হাজার স্থানীয় বাসিন্দাসহ জীবিকার তাগিদে আসা দেশের বিভিন্ন এলাকার আরো ৪ হাজার মানুষ বসবাস করছে। শতকরা ৯০ ভাগ মানুষের আয়ের একমাত্র খাত এই পর্যটন। ৫ মাসের পর্যটনের আয় দিয়ে বাকি ৭ মাস তারা জীবিকা নির্বাহ করে। এ ছাড়া দ্বীপের পর্যটন ঘিরে টেকনাফ, কক্সবাজারসহ দেশের প্রায় ৫ লাখ লোক তাদের পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করে। পর্যটক সীমিত করা মানে বাসিন্দাদের একমাত্র আয়ের উপর খড়গ। 

আরও পড়ুন

×