বিকেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বুয়েট শিক্ষার্থীরা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০৩:০৮
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে আন্দোলনের পরবর্তী কর্মসূচি বিকেল ৫টায় ঘোষণা করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
ভর্তি পরীক্ষার কারণে দুই দিন আন্দোলন শিথিল রাখার পর মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও জড়ো হতে থাকেন তারা। তবে তাদের কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেখা যায়নি। বর্তমানে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে পরবর্তী কর্মসূচি সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করছেন। আলোচনার মাধ্যমে তারা পরবর্তী কর্মসূচি ঠিক করবেন।
সোমবার ভর্তি পরীক্ষা চলার সময় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করাসহ ১০দফা দাবি আদায়ে গণস্বাক্ষর নিয়েছে বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে তারা এই গণস্বাক্ষর নেন।
বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে গত ৬ অক্টোবর নিহত হয় তড়িৎ কৌশল বিভাগের ছাত্র আবরার। এরপর থেকে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল এখন বুয়েট। এ ঘটনায় ছাত্রলীগ এরই মধ্যে ১১ জনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে।
- বিষয় :
- বুয়েট
- আবরার ফাহাদ
