ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিলেন আবরারের ছোট ভাই
×
×
আবরার ফায়াজ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০৩:২৭ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ | ০৩:৫১
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিয়েছেন।
মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নেন ফায়াজ। এই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি।
মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নেন ফায়াজ। এই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি।
আবরারের বাবা বরকত উল্লাহ সমকালকে বলেন, ‘ঢাকা কলেজ থেকে আজকেই ছাড়পত্র নিয়েছি। এখনও কিছু আনুষঙ্গিক কাজ বাকি আছে। সব আনুষ্ঠানিকতা শেষে ৩-৪ দিনের মধ্যে ফায়াজকে কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি করা হবে।’
কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত। ইতোমধ্যে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। আবরার ফায়াজকে কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি নেওয়া হবে।’
আবরারকে দাফন করার দিন ফায়াজ গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, ‘আর যাওয়া হবে না ঢাকা। ঢাকাতে আমাকে নিয়ে গিয়েছিল আমার ভাই। আমার ভাইয়া চাইতো আমি ওখানে থাকি। ভাইয়া নেই, সেখানে এখন আমি কীভাবে থাকবো।’
বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে গত ৬ অক্টোবর নিহত হয় তড়িৎ কৌশল বিভাগের ছাত্র আবরার। এরপর থেকে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল এখন বুয়েট। এ ঘটনায় ছাত্রলীগ এরই মধ্যে ১১ জনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে।