মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০৬:০৪
সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষে (২০১৯-২০) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ এই ফল ঘোষণা করেন। এ সময় স্বাস্থ্য সচিব, বিএমএ সভাপতি ও বিএমডিসির সভাপতিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় সাড়ে ১০ হাজার আসনের বিপরীতে এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৪১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফল প্রকাশকালে মহাপরিচালক জানান, উত্তীর্ণ সবার মোবাইল নম্বরে ফলাফলের তথ্য পাঠানো হবে। সেই সঙ্গে ওয়েবসাইটেও ফল জানা যাবে।
জানা গেছে, এবার পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৯ হাজার ৪০৫ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৪১৩ জন। উত্তীর্ণদের মধ্যে ছেলে ২২ হাজার ৮৮২ জন (৪৬.১৩ শতাংশ) এবং ছেলে ২৬ হাজার ৫৩১ জন (৫৩.৬৯ শতাংশ)।
উল্লেখ্য, ৩৬টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৬৮টি। আর বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন রয়েছে ছয় হাজার ৩৩৯টি। উত্তীর্ণরা মেধাক্রম অনুসারে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন। বাকিরা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন।
- বিষয় :
- মেডিকেল ভর্তি পরীক্ষা
- এমবিবিএস
- ফল প্রকাশ
