ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হিরোশিমা দিবসে বক্তারা

পরমাণু অস্ত্রের উৎপাদন ও ব্যবহার বন্ধ করুন

পরমাণু অস্ত্রের উৎপাদন ও ব্যবহার বন্ধ করুন
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২ | ০৯:৪৩ | আপডেট: ০৬ আগস্ট ২০২২ | ০৯:৪৩

পারমাণবিক অস্ত্রের উৎপাদন ও ব্যবহার বন্ধের জন্য প্রভাবশালী দেশগুলোর প্রতি দাবি জানানো হয়েছে। শনিবার হিরোশিমা দিবস উপলক্ষে আলোচনা, পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান। তাঁরা বলেন, পৃথিবীতে আর যেন যুদ্ধবিগ্রহ না হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাউকি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানুষ প্রথম পারমাণবিক অস্ত্রের ধ্বংসযজ্ঞ দেখে। ১৯৪৫ সালের ৬ আগস্ট মুহূর্তের মধ্যে জাপানের হিরোশিমা শহর মৃত্যুপুরীতে পরিণত হয়। লাখো মানুষ মারা যান। অনুষ্ঠানে ইতো নাউকি বলেন, সেটি ছিল বিশ্বের জন্য এক অন্ধকার দিন। মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় হিরোশিমা। তিনি জানান, পরমাণু বোমার প্রভাবে দীর্ঘদিন ধরে হিরোশিমা-নাগাসাকিতে বিকলাঙ্গ শিশু জন্ম নিয়েছে। ক্যান্সারে আক্রান্তের হার ব্যাপকভাবে বেড়ে গেছে। তিনি বলেন, বিশ্বজুড়ে শান্তি বিরাজ করুক।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, হিরোশিমায় হামলার পর মানুষ পারমাণবিক বোমার ভয়াবহতা সম্পর্কে জানতে পারে। আর যেন পৃথিবীতে এ অস্ত্রের ব্যবহার না হয়। ক্ষমতাধর রাষ্ট্রগুলো যেন পরমাণু অস্ত্রের উৎপাদন বন্ধ করে।

মিরপুর গার্লস আইডিয়াল স্কুলের ছাত্রী সায়মা আলম অহনা ও দৃষ্টি দাস জাপানের ছোট্ট শিশু সাদাকো সাসাকির কাহিনি পড়ে শোনান। সাদাকো পারমাণবিক হামলায় শিকার না হলেও ১০ বছর পর তেজস্ট্ক্রিয়তায় ক্যান্সারে আক্রান্ত হয় এবং মারা যায়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কচিকাঁচার মেলা, ভাসানটেক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

আরও পড়ুন

×