ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

থ্যালাসেমিয়ার তথ্য এনআইডিতে যুক্ত করা নিয়ে রুল হাইকোর্টের

থ্যালাসেমিয়ার তথ্য এনআইডিতে যুক্ত করা নিয়ে রুল হাইকোর্টের
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২ | ০৬:২৭ | আপডেট: ০৭ আগস্ট ২০২২ | ০৬:২৭

ব্যক্তির শরীরে প্রাণঘাতী থ্যালাসেমিয়া আছে কি না তা শনাক্ত করে জাতীয় পরিচয়পত্রের মধ্যে এ তথ্য কেন যুক্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, নির্বাচন কমিশন, স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহপরিচালক, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। গত ৩১ মে রিট দায়ের করেন আইজীবী ইউনুছ আলী আকন্দ। এর আগে একই বিষয়ে বিবাদীদের ২৫ মে আইনি নোটিশও পাঠান তিনি।
নোটিশে বলা হয়, একজন থ্যালাসেমিয়া বাহক যদি আরেকজন থ্যালাসেমিয়া বাহককে বিয়ে করেন, তাহলে তাদের সন্তানের থ্যালাসেমিয়া রোগী হওয়ার ঝুঁকি বেশি। তবে একজন সুস্থ মানুষ আরেকজন থ্যালাসেমিয়া বাহককে বিয়ে করতে পারবে, কারণ তাদের সন্তান থ্যালাসেমিয়া রোগী হওয়ার আশঙ্কা ততটা থাকে না। এ কারণে জাতীয় পরিচয়পত্রে থ্যালাসেমিয়া রোগ আছে কি না, এ ধরনের অপশন যুক্ত থাকলে তা দেখে সহজেই দুইজন থ্যালাসেমিয়া বাহকের বিয়ে থেকে ঠেকানো সম্ভব। এজন্য বিয়ের আগেই বর এবং কনের রক্ত পরীক্ষার মাধ্যমে প্রত্যেককে জানতে হবে তারা থ্যালাসেমিয়া বাহক কি না।

চিকিৎসকরা বলছেন, দুজন থ্যালাসেমিয়া বাহকের মধ্যে বিবাহ বন্ধ করা গেলেই থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। নোটিশ অনুযায়ী বিবাদীরা ব্যবস্থা না নেওয়ায় পরে এ বিষয়ে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।

আরও পড়ুন

×