মদ্যপ অবস্থায় ছাত্রীদের টয়লেটে ছাত্রলীগ নেতা
অভিযুক্ত তানজিন আল আমিন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২২ | ১০:৩১ | আপডেট: ১৮ আগস্ট ২০২২ | ১০:৩১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মদ্যপ অবস্থায় ছাত্রীদের টয়লেটে ঢুকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হয়রানির অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
বৃহস্পতিবার ওই ছাত্রী ই-মেইলে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত ওই নেতার নাম তানজিন আল আমিন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সংস্কৃতিবিষয়ক উপসম্পাদক।
আল আমিন বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি।
এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমার সঙ্গে ঘটে যাওয়া এ ঘটনার বিচার চাই। আমি এখনও মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি। ছুটির দিন হওয়ায় আমি ই-মেইলের মাধ্যমে অভিযোগপত্র দিয়েছি। আগামীকাল সরাসরি লিখিত অভিযোগ দেব। অভিযুক্ত এখনও আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন।তবে বিষয়টি 'অবচেতন মনে' ঘটেছে বলে দাবি আল আমিনের। তিনি বলেন, আমি খেয়াল করিনি। ভুল করে আমি মেয়েদের ওয়াশরুমে ঢুকেছিলাম। বুঝতে পেরে দ্রুত বের হয়ে ছেলেদের ওয়াশরুমে যাই।
তিনি আরও বলেন, ওই ছাত্রী এবং তাঁর বন্ধুদের কাছে একাধিকবার দুঃখ প্রকাশ করেছি। ক্ষমা চেয়েছি। ক্ষমা চাইতে প্রয়োজনে আবার তাঁর কাছে যাব। পুরো ঘটনাটি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আমি মাতাল অবস্থায় ছিলাম না। কেন আমার বিরুদ্ধে এ গুরুতর অভিযোগ, বুঝতে পারছি না।
অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী প্রক্টর মাহবুবুর রহমান লিটু। তিনি বলেন, এক ছাত্রী অভিযোগপত্র পাঠিয়েছেন। আগামী রোববার দুপুর ১২টার মধ্যে হার্ডকপি জমা দিতে বলেছি। তারপর বিষয়টি আমরা দেখব।
