ইডেনের হলে ছাত্রলীগের আসন বাণিজ্য বন্ধের দাবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২২ | ০০:৫৬ | আপডেট: ২১ আগস্ট ২০২২ | ০০:৫৬
ইডেন কলেজের হলগুলোতে ছাত্রলীগের দখলদারিত্ব ও আসন বাণিজ্য বন্ধ করে প্রাশাসনিক নিয়ন্ত্রণে আসন বণ্টনের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখা।
আজ রোববার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সানজিদা হোসেন ইরা ও সদস্য সচিব নিঝুম নাহার এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে নেতারা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দীর্ঘদিন ধরেই হলে ছাত্রলীগের অবৈধ ভাবে সিট দখল ও সিট বাণিজ্যের প্রতিবাদ করে আসছে। কিন্তু প্রশাসন এ বিষয়ে কর্ণপাত তো করেইনি বরং ছাত্রলীগের দখলদারিত্ব পাকাপোক্ত করতে ভূমিকা রেখেছে।
তারা বলেন, সম্প্রতি প্রকাশিত ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতির অডিও ক্লিপ সারাদেশের মানুষের সামনে তাদের দখলদারিত্বের চিত্র পুনরায় স্পষ্ট করেছে। সিট দখলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নির্যাতন, লাঞ্ছনার ঘটনা প্রায় দেখা যায়। দলীয় অন্তর্কোন্দলে হলের সব শিক্ষার্থীই ভুক্তভোগী।
নেতারা আরও বলেন, প্রশাসন যদি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজের সব শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে ছাত্রলীগের অন্যায় দখলদারিত্ব ও প্রশাসনের দায়িত্বহীন পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
