ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মতবিনিময় সভায় বক্তারা

ন্যায্য মূল্যে পানি পাওয়া নাগরিকদের মৌলিক অধিকার

ন্যায্য মূল্যে পানি পাওয়া নাগরিকদের মৌলিক অধিকার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২২ | ০৮:০০ | আপডেট: ২২ আগস্ট ২০২২ | ০৮:০০

ন্যায্য মূল্যে পানি সরবরাহ করতে ঢাকা ওয়াসার প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন পেশাজীবী ব্যক্তিত্ব। তারা বলেন, ন্যায্য মূল্যে পানি পাওয়া নাগরিকদের মৌলিক অধিকার। কিন্তু ওয়াসা সেটা আমলে না নিয়ে বার বার দাম বাড়িয়ে যাচ্ছে।

সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত 'ন্যায্য মূল্যে পর্যাপ্ত নিরাপদ পানি পাওয়া নাগরিকের মৌলিক অধিকার' শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি করা হয়।

অনুষ্ঠানে ঢাকা ওয়াসার পরিচালক (টেকনিক্যাল) একেএম শহিদ উদ্দিন বলেন, ১৪৮ বছর আগে ঢাকা শহরে পানি সরবরাহ শুরু হয়। ও সময় যে পাইপলাইন ছিল তা এখনো অনেক ক্ষেত্রে বিদ্যমান। সব এলাকায় নতুন পাইপলাইন স্থাপনের কাজ শেষ হলে পুরো শহরের নাগরিকরা পর্যাপ্ত নিরাপদ পানি পাবে।

পরিবেশকর্মী আবু নাছের খান বলেন, প্রাকৃতিক পানি সরবরাহ না করে ভূগর্ভস্থ পানিতে কেন গেলাম তা খতিয়ে দেখা দরকার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী না করে আমরা আমেরিকান পলিসিতে গেলাম। ওয়াসার এমডির বেতনও বিশ্বব্যাংক নির্ধারণ করে। নাগরিক সমাজের উচিত বিশ্বব্যাংকের সমালোচনা করা। সুপেয় পানির দাবিতে জোরদার আন্দোলন গড়ে তোলা উচিত।

রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফা ভূইয়া বলেন, বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া প্রয়োজন সুপেয় পানি নিয়ে।

সুজনের (সুশাসনের জন্য নাগরিক) কোঅর্ডিনেটর নাছের আমিন বলেন, ওয়াসার সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। উন্নয়ন বলতে আমরা কেবল নাগরিক সমস্যার সমাধান মনে করি না।

রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল মামুন বলেন, ওয়াসার এমডির বেতন এবং তার চাকরির মেয়াদ ইস্যু তৈরি করে নাগরিকদের মৌলিক অধিকার ভিন্ন দিকে প্রবাহিত করার অপচেষ্টা করা হচ্ছে।

সভাপতির বক্তব্যে মহিউদ্দিন আহমেদ বলেন, পানির অপর নাম জীবন। তাই প্রত্যেক নাগরিকের নিরাপদ পানি ন্যায্য মূল্যে পাওয়া এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ পাওয়া মৌলিক অধিকার।

আরও পড়ুন

×