কমনওয়েলথের দুই কমিটির সদস্য হলো বাংলাদেশ
×
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২২ | ১০:১৫ | আপডেট: ২৬ আগস্ট ২০২২ | ১০:১৫
কমনওয়েলথের দুই কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এর মধ্যে সর্বসম্মতিক্রমে ২০২২-২৪ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ২০২২-২৩ মেয়াদের জন্য অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।
কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটি ১৬ সদস্য নিয়ে গঠিত, যার মধ্যে আটটি সর্বোচ্চ অবদান রাখা সদস্য রাষ্ট্র এবং বাকি আটটি চারটি অঞ্চল থেকে নির্বাচিত হয়। এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশ নির্বাহী কমিটির (ইসি) সদস্য নির্বাচিত হয়েছে।
কার্যনির্বাহী কমিটি কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, কর্মী এবং প্রশাসন সম্পর্কিত সব বিষয় তদারকির দায়িত্ব পালন করে। কমিটি কমনওয়েলথের জন্য নীতিগত সুপারিশও করে।
আর আট সদস্য নিয়ে গঠিত অ্যাক্রিডিটেশন কমিটি কমনওয়েলথ সচিবালয়ের কার্যনির্বাহী কমিটির একটি উপকমিটি হিসেবে কাজ করে।
কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ঘানা, গ্রেনাডা এবং ফিজি। কমিটি কমনওয়েলথের নতুন এবং অনুমোদিত সংস্থার সদস্যপদ যাচাই করে।
উভয় কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার এবং কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সদস্য সাইদা মুনা তাসনিম।
- বিষয় :
- কমনওয়েলথ
- বাংলাদেশ
- সদস্য
- অ্যাক্রিডিটেশন কমিটি
