ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না: হাইকোর্ট

নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না: হাইকোর্ট
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ১১:২৭

সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে তথ্য সচিব, শ্রম সচিব এবং ওয়েজবোর্ড কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক নাসিমকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

নবম ওয়েজবোর্ডের নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত ৫ আগস্ট হাইকোর্টে রিট দায়ের করা হয়।

সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) পক্ষে সংগঠনটির সভাপতি ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এ রিটটি দায়ের করেন।

পরে ওই রিটের শুনানিতে ৬ আগস্ট ওয়েজবোর্ডের কার্যক্রমে স্থিতাবস্থা দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনে ২০ আগস্ট হাইকোর্টের ওই আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগ, যা বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন।

এরই মধ্যে গত ১২ সেপ্টেম্বর নবম ওয়েজবোর্ড চূড়ান্ত করে গেজেট প্রকাশ করে সরকার। এ পরিপ্রেক্ষিতে হাইকোর্টে চলমান আগের রিটের সঙ্গে সম্প্রতি একটি সম্পূরক আবেদন দাখিল করে নোয়াব। ওই আবেদনে নবম ওয়েজবোর্ডের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। মঙ্গলবার ওই আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

আরও পড়ুন

×