কনকর্ড ভবন সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় হস্তান্তর
১৮তলা কনকর্ড ভবন
জবি প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২২ | ০৯:৩৪ | আপডেট: ৩১ আগস্ট ২০২২ | ০৯:৩৪
রাজধানীর আজিমপুরে অবস্থিত ১৮তলা কনকর্ড ভবনটি স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার ঢাকা জেলা প্রশাসকের উপস্থিতিতে ভবনটি হস্তান্তর করা হয়।
এ সময় ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, এই জায়গাটি দেওয়ার উদ্দেশ্যই ছিল এটি এতিমদের স্বার্থে ব্যবহৃত হবে। যে কারণে আজ আমরা এতিমখানার প্রশাসকের কাছে ভবনটি হস্তান্তর করলাম। এতিমদের পাওনা অধিকার বুঝিয়ে দিলাম।
স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার প্রশাসক ও সমাজসেবা অধিদপ্তরের পরিচালক কামরুল ইসলাম বলেন, রায়ের পর আমরা ৩০ দিন অপেক্ষা করেছি। এর পরও কনকর্ড ভবনটি আমাদের বুঝিয়ে দেয়নি। এ পরিপ্রেক্ষিতে আমরা ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেছিলাম। সে হিসেবে জেলা প্রশাসকের উপস্থিতিতে ভবনটি আমরা বুঝে পেলাম।
এর আগে গত ৪ আগস্ট রায় বাস্তবায়নের জন্য নির্ধারিত সময় ৩০ দিনের মধ্যে কনকর্ডকে এতিমখানায় বুঝিয়ে দিতে ঢাকা জেলা প্রশাসক বরাবর এতিমখানার পক্ষে আবেদন করা হয়।
ভবন হস্তান্তরের সময় ঢাকা জেলা প্রশাসকের কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), এতিমখানার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গত ৯ জুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ কনকর্ড গ্রুপের রিভিউ আবেদন খারিজ করে দেন। আদেশে আদালত বলেন, আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গায় আবাসন প্রতিষ্ঠান কনকর্ডের তৈরি ১৮তলা ভবন এতিমখানাকে বুঝিয়ে দিতে হবে।
- বিষয় :
- আজিমপুর
- কনকর্ড ভবন
