ধর্মীয় অনুভূতিতে আঘাত: ভণ্ডপীর মতিউরসহ ৯ জনের কারাদণ্ড
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:০৩
ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং প্রতারণার মামলায় ঢাকার দোহার থানার লটাখোলার ভণ্ডপীর মতিউর রহমানসহ নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এফ এম মারুফ চৌধুরী বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। দণ্ডিত অপর আসামিরা হলেন- সেন্টু (ভণ্ডপীর), শুকুর, লিয়াকত, কাজল, জিন্টু, আলমাছ, জুলহাস ও আরিফুল ইসলাম বিদ্যুৎ।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল সমকালকে জানান, মতিউর রহমানকে পৃথক দুটি ধারায় তিন বছর এবং অপর আসামিদের এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জিন্টু ও বিদ্যুৎ পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, আসামিরা এলাকার সহজ-সরল নারী-পুরুষদের থেকে সাড়ে ৭০০ করে টাকা নিয়ে প্রতীকী কাবা শরীফ বানিয়ে হজ পালন করাতেন। এ ছাড়া মগজ ধোলাইয়ের মাধ্যমে মুরিদ তৈরি করে নারীদের দিয়ে অসামাজিক কার্যকলাপ করাতেন তারা।
- বিষয় :
- কারাদণ্ড
- ভণ্ডপীর
- ধর্মীয় অনুভূতিতে আঘাত
- প্রতারণা
