জেলা পরিষদ নির্বাচন
বিনা ভোটে জয়ের পথে ২২ চেয়ারম্যান প্রার্থী
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ১৪:৫৫
একক প্রার্থী হওয়ায় ৬১টি জেলা পরিষদের মধ্যে ২২টি জেলায় চেয়ারম্যান পদে ভোটের প্রয়োজন হচ্ছে না। তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গতকাল রোববার এ তথ্য পাওয়া গেছে। অবশ্য মনোনয়নপত্র প্রত্যাহার শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে যাচাই-বাছাইয়ে চাঁদপুর ও দিনাজপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্নিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদে আগামী ১৭ অক্টোবর ভোট গ্রহণ করা হবে। গতকাল ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাই। নির্বাচন কমিশন সচিবালয় জানায়, জেলা পরিষদগুলোতে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন ১৪২ জন। সংরক্ষিত সদস্য পদে মোট প্রার্থী ৬৭৩ জন আর সাধারণ পদে মোট প্রার্থীর সংখ্যা ১ হাজার ৭৪১।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন কুমিল্লা, কুড়িগ্রাম, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরীয়তপুর, সিরাজগঞ্জ ও সিলেটে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
এর মধ্যে ১৯টি জেলা পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন একজন করে। এর বাইরে কুমিল্লা, কুড়িগ্রাম ও নাটোরে বাছাইয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় একজন করে বৈধ প্রার্থী আছেন। যাঁদের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়েছে আপিল করে তা ফিরে না পেলে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে আগামী তিন দিনের মধ্যে আপিল করা যাবে।
চাঁদপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইউসুফ গাজীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। প্রতারণার মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়। এখানে ৫ চেয়ারম্যান প্রার্থীসহ ৪৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
দিনাজপুরেও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইমাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা নির্বাচন কার্যালয়। ঋণখেলাপির অভিযোগে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।
নোয়াখালীতে ঋণখেলাপির অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নাটোরে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে দু'জনের প্রার্থিতাই বাতিল হয়ে গেছে। তাঁরা হলেন- জাতীয় পার্টির ড. নূরন্নবী মৃধা এবং স্বতন্ত্র প্রার্থী ইজিবাইক চালক রায়হান শাহ। পঞ্চগড়ে চেয়ারম্যান প্রার্থী গোলাম রহমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। হবিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
[প্রতিবেদনটিতে তথ্য দিয়েছেন সমকাল প্রতিবেদক ও জেলা প্রতিনিধিরা]
- বিষয় :
- জেলা পরিষদ নির্বাচন
- নির্বাচন
- জেলা পরিষদ
