ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জবির সেই ১০ শিক্ষার্থীর ক্লাস পরীক্ষায় অংশগ্রহণে বাধা নেই

জবির সেই ১০ শিক্ষার্থীর ক্লাস পরীক্ষায় অংশগ্রহণে বাধা নেই
×

জবি প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ০৮:৪০ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ০৮:৪০

শিবির সন্দেহে আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই দশ শিক্ষার্থীর ক্লাস পরীক্ষায় আর কোনো বাধা নেই। 

রোববার বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেটে সভায় তাদের ওপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে তারা স্বাভাবিকভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে আদেশে উল্লেখ করা হয়।

ওই দশ শিক্ষার্থী হলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইব্রাহিম আলী, ইতিহাস বিভাগের ইসরাফিল হোসেন, লোক প্রশাসন বিভাগের মো. মেহেদী হাসান (মাহদী), হিসাববিজ্ঞান বিভাগের রওসন উল ফেরদৌস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান, বাংলা বিভাগের শ্রাবণ ইসলাম রাহাত, ব্যবস্থাপনা বিভাগের মো. ফাহাদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. ওবায়দুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের মো. শাহিন ইসলাম এবং মনোবিজ্ঞান বিভাগের আব্দুর রহমান অলি।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, তারা যেহেতু জামিনে রয়েছে তাই তাদের আবেদনের প্রেক্ষিতে ক্লাস পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিবির সন্দেহে আটক হওয়া জগন্নাথের শিক্ষার্থী ছিল ১১ জন। তাদের মধ্যে ১০ জন ক্লাস পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করে। একজন যেহেতু আবেদন করেনি, তাই তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

তিনি আরও বলেন যেহেতু তারা জামিনে আছে এবং তারা সবাই আমাদের শিক্ষার্থী; সেই বিবেচনায় আমরা বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া আদালতের রায়ে তারা এখনও দোষী প্রমাণিত হয়নি।

এর আগে গত ২৫ শে মার্চ রাজধানীর গেন্ডারিয়া থানার ধুপখোলা এলাকার একটি মেসে অভিযান চালিয়ে শিবির সন্দেহে জবির ১১ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। শিবির সন্দেহে আটকের পর এসব শিক্ষার্থীদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন

×