জ্বালানি আমদানির বিষয়ে ব্রুনাইয়ের সঙ্গে আলোচনা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী। ছবি-ফোকাস বাংলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২২ | ০২:০১ | আপডেট: ১১ অক্টোবর ২০২২ | ০২:১৫
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, জ্বালানি আমদানির বিষয়ে ব্রুনাইয়ের সঙ্গে আলোচনা করছি। এই আলোচনায় অগ্রগতি হয়েছে।
মঙ্গলবার নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সেখানে জানানো হয়, তিন দিনের সফরে ১৫ অক্টোবর ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ। এটা হবে তাঁর প্রথম বাংলাদেশ সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দুই দেশের মধ্যে সরাসরি উড়োজাহাজ চলাচলসহ দেশটির সুলতানের সফরে, ব্রুনাইয়ে বাংলাদেশের কর্মী নিয়োগ, সমুদ্রগামী জাহাজে কর্মরত নাবিকদের সনদ দেওয়াসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
প্রায় ২০ থেকে ২৫ হাজার বাংলাদেশি কর্মী বর্তমানে ব্রুনাইয়ে কাজ করছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি দেশটির সুলতানের আসন্ন সফরে প্রাধান্য পাবে বলে জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ব্রুনাইয়ের সুলতান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তাঁর সম্মানে রাষ্ট্রপতির দেওয়া এক নৈশভোজে যোগ দেবেন তিনি। এছাড়া ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে ব্রুনাই সফর করেছিলেন। সে সময় দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছিল। ব্রুনাইয়ের সুলতানের বাংলাদেশ সফরে এই সমঝোতা স্মারকগুলো কার্যকরের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।
