ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছাত্রদল নেতার মৃত্যু: ছয় পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন

ছাত্রদল নেতার মৃত্যু: ছয় পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন
×

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২ | ০৬:৪৫ | আপডেট: ১২ অক্টোবর ২০২২ | ০৬:৪৫

সাড়ে চার বছর আগে পুলিশ হেফাজতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন মিলনের মৃত্যুর অভিযোগে শাহবাগ থানার অফিসার ইনচার্জ আবুল হাসান এবং রমনা মডেল থানার তৎকালীন অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলামসহ ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

মিলনের চাচা বিএনপি নেতা বি.এম. অলি উল্যাহ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই মামলার আবেদন করেন। ২০১৩ সালের নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের ১৫(২) ধারায় এই আবেদন করেন তিনি।

ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে আংশিক শুনানি পর অধিকতর শুনানি ও আদেশের জন্য আগামী সোমবার (১৭ অক্টোবর) দিন ধার্য করেন। বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার।

এ মামলায় শাহবাগ থানার তখনকার ওসি মো. আবুল হাসান (বর্তমানে রমনা থানার ওসি), রমনা মডেল থানার তৎকালীন ওসি কাজী মাইনুল ইসলাম, ওই সময়ে শাহবাগ থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) সুজন কুমার রায়, এসআই সাইদুর রহমান মুন্সি, এসআই অমল কৃষ্ণ এবং এসআই শাহরিয়ার রেজাকে আসামি করা হয়েছে। এছাড়া মামলার আর্জিতে অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজন পুলিশ সদস্যকে আসামি করার আবেদন করা হয়েছে।

মামলার আর্জিতে বলা হয়, ২০১৮ সালের ৬ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন শেষে মিছিল থেকে রমনা থানা পুলিশ মিলনকে আটক করে মারধর করতে করতে নিয়ে থানায় নিয়ে যায়। থানায় নিয়েও তাকে নির্মমভাবে নির্যাতন করে। মিলনের বিরুদ্ধে একটি মামলাও করে পুলিশ।

এর পরদিন মিলনকে আদালতে হাজির করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিনদিনের রিমান্ডে নেয়। রিমান্ডের পর থেকে মিলন প্রচণ্ড অসুস্থবোধ করছিল। পরে জেল কর্তৃপক্ষ তাকে কারা হাসপাতালে পাঠায়। তার অবস্থা আরও খারাপ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে মিলনের মৃত্যু হয়।

আরও পড়ুন

×