লতিফ সিদ্দিকীর দুর্নীতির দুই মামলা স্থগিত হাইকোর্টে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:২০ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:২৭
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।
আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন আইনজীবী জেয়াদ আল মালুম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান।
আদালতের আদেশের পর খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, বগুড়ায় করা লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে করা এ মামলায় আদালত অভিযোগ গঠন করেছেন। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এ অবস্থায় তিনি অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট ওই আবেদনের শুনানি নিয়ে ছয় মাসের জন্য মামলাটির স্থগিতের আদেশ দিয়েছেন।
অন্যদিকে লতিফ সিদ্দিকীর আইনজীবী জেয়াদ আল মালুম বলেন, লতিফ সিদ্দিকী মন্ত্রী থাকায় অবস্থায় সরকার নির্ধারিত মূল্যের পাচঁগুণ বেশি মূল্যে জমি দিতে বলেছেন। এখানে তিনি কোন টাকা নেননি, কোন ধরনের ঘুষ গ্রহণ করেননি। সুতরাং, এখানে তিনি কোনও অপরাধ করেননি। তার বিরুদ্ধে মামলা চলতে পারে না। এরপরেও বগুড়ার আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। বিষয়টি চ্যালেঞ্জ করা হলে হাইকোর্ট ছয় মাসের জন্য মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছেন।
এ মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৭ অক্টোবর দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে লতিফ সিদ্দিকীসহ দু’জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় আদমদীঘি থানায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। মামলার আরেক আসামি হলেন- ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ।
