ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

জাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভ, ভিসিপন্থিদের মৌন মিছিল

জাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভ, ভিসিপন্থিদের মৌন মিছিল
×

ক্যাম্পাসে ভিসিপন্থিদের মৌন মিছিল- সমকাল

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ১০:৪৮

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। অন্যদিকে, উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে তার পক্ষে মৌন মিছিল ও সংহতি সমাবেশ করেছেন উপাচার্যপন্থি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। 

বুধবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে মিছিলটি শুরু হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া বলেন, 'এ উপাচার্যের নিজ পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। তিনি স্পষ্টভাবে আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। উপাচার্য এখন নতুন করে দলভারী করে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা না করে এ অভিযোগের তদন্ত করুন।'

ছাত্রফ্রন্টের (মাক্সবাদী) জাবি শাখার সভাপতি মাহাথির মোহাম্মদ বলেন, বর্তমান উপাচার্য এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা আগের সব সীমা লঙ্ঘন করেছেন। আমরা এই উপাচার্যকে আর দেখতে চাই না।

এ সময় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের প্রচার ও প্রকাশনা সম্পাদক মারুফ মোজাম্মেলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান, ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শোভন রহমান ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখার যুগ্ম আহ্বায়ক ফরহাদ হারেস ভূঁইয়া।

আন্দোলনের অংশ হিসেবে এদিন দুপুরে সংহতি সমাবেশ এবং শনিবার মশাল মিছিল হবে বলে জানিয়েছেন 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন। 

বুধবার শহীদ মিনার থেকে মৌন মিছিল ও পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সংহতি সমাবেশ করে 'অন্যায়ের বিপক্ষে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর' ব্যানারে উপাচার্যপন্থিরা। সমাবেশে উপাচার্যের বিরুদ্ধে চলমান আন্দোলনকে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র উল্লেখ করে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, 'প্রয়োজনের তাগিদেই গণজাগরণ হয়। আজকের এ গণজাগরণ প্রমাণ করে উপাচার্যের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে, তা একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।'

সমাবেশে অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগরের মুখপাত্র অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীরের সঞ্চালনায় উপাচার্যপন্থি শিক্ষকদের সংগঠন 'বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ'-এর সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, 'আপনারা আসুন, দেখুন, কত মানুষ আমরা এখানে একত্র হয়েছি। এই গণজমায়েত প্রমাণ করে, আপনাদের আন্দোলন যৌক্তিক নয়। তাই আসুন, মিথ্যা অভিযোগের ভিত্তিতে আন্দোলন না করে একসঙ্গে বিশ্ববিদ্যালয়কে পরিচালনা ও উন্নয়নের পক্ষে কাজ করি।' 

সমাবেশে আরও বক্তব্য দেন অধ্যাপক হানিফ আলী, অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান ও অফিসার সমিতির সভাপতি আবু হাসান।

আরও পড়ুন

×