ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঢাবিতে অ্যাপভিত্তিক সেবা 'জোবাইকে'র যাত্রা শুরু

ঢাবিতে অ্যাপভিত্তিক সেবা 'জোবাইকে'র যাত্রা শুরু
×

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল- সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ১২:২৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ | ১২:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সমস্যার সমাধানে চালু করেছে মোবাইল অ্যাপভিত্তিক ও পরিবেশবান্ধব সাইকেল শেয়ারিং সেবা 'জোবাইক ডিইউ চক্কর'।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে এর উদ্বোধন করেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

এতে ডাকসু ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, ছাত্র পরিবহন সম্পাদক শামস-ই-নোমান, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, জোবাইকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেহেদী রেজাসহ ডাকসু ও হল সংসদের নেতারা ছিলেন।

অনুষ্ঠানে ব্যারিস্টার নওফেল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সুবিধার জন্য জোবাইক সার্ভিস চালু হয়েছে। এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। জোবাইক একটি পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা। এর মাধ্যমে ছাত্রাবস্থায়ই শিক্ষার্থীরা পরিবেশ সম্পর্কে সচেতন হতে পারবে।

ছাত্র রাজনীতির বিষয়ে তিনি বলেন, নেতা হওয়ার পরই ছাত্রদের কল্যাণের কথা ভাবতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। উপাচার্য আশা প্রকাশ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুন্দর, নিয়ন্ত্রিত ও সুব্যবস্থাপনার মাধ্যমে জোবাইক পরিচালিত হবে। পরিবেশবান্ধব এই ব্যবস্থা যানজট নিরসনে ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিয়ম-শৃঙ্খলার মধ্যে আসবে।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক শামস-ঈ-নোমান বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অ্যাপভিত্তিক বাইসাইকেল চালু করা ছিল ডাকসু নির্বাচনের আকাঙ্ক্ষিত বিষয়। কার্বনমুক্ত ক্যাম্পাসের প্রথম পদক্ষেপ হতে পারে এই জোবাইক সার্ভিস।

উদ্বোধন অনুষ্ঠান শেষে জোবাইকের ১০০টি বাইক নিয়ে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে ডাকসু ও হল সংসদের নেতারা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। 

এর আগে গত ৭ অক্টোবর ডাকসু ও অ্যাপভিত্তিক সাইকেল রাইড শেয়ারিং প্রতিষ্ঠান 'জোবাইক'-এর যৌথ প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছয় দিনের জন্য পরীক্ষামূলকভাবে 'জোবাইক ডিইউ চক্কর' চালু হয়েছিল।

আরও পড়ুন

×