জাহাজভাঙা শিল্পের পিতল পাচার রোধে রিট
ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২ | ০৮:৪২ | আপডেট: ৩১ অক্টোবর ২০২২ | ০৯:৫৫
জাহাজভাঙা শিল্পের পিতল পাচার প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। পাশাপাশি রিটে প্রত্যেকটি জাহাজ থেকে পাওয়া পিতলের পরিমাণ নিবন্ধন, জাহাজভাঙা শিল্প-কারখানায় কর্মরত শ্রমিকদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতকরণে বাধ্যতামূলক পলিসি গ্রহণ, কারখানায় ১৮ বছরের নিচের কোনো ব্যক্তিকে নিয়োগ প্রদান না করা এবং শিল্প-কারখানার শ্রমিকদের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।
সোমবার মানবাধিকার সংগঠন ল' অ্যান্ড লাইভ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুামায়ুন কবির এ রিটটি দায়ের করেন। রিটে বাণিজ্য সচিব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ শিপিং করপোরেশন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, বাংলাদেশে পিতলের চাহিদা দিন দিন বেড়েই চলছে। পিতল দিয়ে তৈরি হচ্ছে দামি আসবাব, বাথরুম ফিটিংস তথা দৈনন্দিন ব্যবহার্য অনেক সামগ্রী। পিতলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান। এসব পিতলের একটি বড় অংশের যোগান আসে আন্তর্জাতিক দরপত্রে ক্রয়কৃত বিভিন্ন জাহাজ থেকে শিপব্রেকিং ইয়ার্ডে সংগৃহীত পিতল থেকে। বাকিটা সংগৃহীত হয় স্থানীয়ভাবে। পার্শ্ববর্তী দেশ ভারতে পিতলের ব্যাপক চাহিদা থাকায় এসব পিতল পাচার হচ্ছে, যা নিয়ে গণমাধ্যমেও একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এজন্য পিতল পাচার রোধসহ জাহাজ ভাঙা শিল্পে শ্রমিকদের সুরক্ষায় জনস্বার্থে হাইকোর্টে এ রিটটি দায়ের করা হয়েছে।
- বিষয় :
- জাহাজভাঙা শিল্প
- হাইকোর্টে রিট