ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এক মাসে মৃত্যু বেড়েছে তিন গুণ, শনাক্ত দ্বিগুণ

এক মাসে মৃত্যু বেড়েছে তিন গুণ, শনাক্ত দ্বিগুণ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ০১ নভেম্বর ২০২২ | ০৪:৫৩

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়ে জুন ও জুলাই মাসে। তবে এ বছর দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এ বছর অক্টোবরে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু ছিল সবচেয়ে বেশি। গত সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে ডেঙ্গু শনাক্তের সংখ্যা ছিল দ্বিগুণের চেয়ে বেশি। এ মাসে ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে তিন গুণ। অক্টোবরের ৩১ দিনে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২১ হাজার ৯৩২ জন। মৃত্যু হয়েছে ৮৬ জনের। আগের মাস সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ৯১১ জন; মারা যান ৩৪ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত প্রাণ গেছে ১৪১ জনের। গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৮৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮৪ জনে। চলতি বছর ৩৮ হাজার ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৬ হাজার ১৬ জন ঢাকায় এবং ১২ হাজার আটজন ঢাকার বাইরে চিকিৎসা নেন। গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৪৫ জন; ৩২৮ জন ঢাকার বাইরের।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার সমকালকে বলেন, দেশের ইতিহাসে এ বছর অক্টোবরে সবচেয়ে বেশি ডেঙ্গুর প্রকোপ দেখা গেছে। ইতিহাসের সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারাও গেছেন।

ডেঙ্গুর প্রকোপ বাড়া প্রসঙ্গে এ বিশেষজ্ঞ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে জ্যামিতিক হারে ডেঙ্গু রোগী বেড়েছে। নভেম্বরে শনাক্ত কমে আসতে পারে। তিনি জানান, দেশে মূলত চার থেকে ছয় মাস ডেঙ্গুর মৌসুম ধরা হলেও এ বছর থেকে সারাবছর মিলবে ডেঙ্গু রোগী। গবেষক হিসেবে সতর্ক করতে চাই, সারাবছর এডিস মশা নিধন কর্মসূচি চলমান রাখতে হবে। তা না হলে আগামীতে জুন থেকে আক্টোবরে আরও খারাপ পরিস্থিতি তৈরি হবে।

বর্ষাকাল এলেই ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশার উৎপাত বাড়ে। এ সময় বাড়ে ডেঙ্গু শনাক্তের হার। সাধারণত জুন-জুলাই মাসে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যায়। তবে এ বছর অক্টোবর মাসে রোগটি অনেক বেশি প্রাণঘাতী হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে ঢাকার দুই সিটি করপোরেশনের মশা নিধন অভিযানকেও অনেকে প্রশ্নবিদ্ধ করছেন।

২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সরকারি হিসাবে ওই বছর মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। মাঝে এক বছর ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম থাকলেও ২০২১ সালে আবার ৫৮ জেলায় ডেঙ্গু ছড়ায়। তাতে ২৮ হাজার ৪২৯ জন এ রোগ নিয়ে হাসপাতালে যান। মৃত্যু হয় ১০৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হন, শুধু তাদেরই তথ্য আসে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হননি, এমন ব্যক্তিরা সরকারের হিসাবের বাইরেই থেকে যান।

আরও পড়ুন

×