ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিভিল সার্ভিসের প্রথম ‘আয়রনম্যান’ পুলিশ কর্মকর্তা মিশু বিশ্বাস

সিভিল সার্ভিসের প্রথম ‘আয়রনম্যান’ পুলিশ কর্মকর্তা মিশু বিশ্বাস
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২ | ১২:১৯ | আপডেট: ০৭ নভেম্বর ২০২২ | ১২:১৯

বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নিয়ে মেডেল অর্জন করেছেন পুলিশ কর্মকর্তা মিশু বিশ্বাস। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগে অতিরিক্ত উপক‌মিশনার হিসেবে কর্মরত।

আয়রনম্যান প্রতিযোগিতা এক দিনের স্পোর্টিং ইভেন্টগুলোর মধ্যে কঠিনতম হিসেবে ধরা হয়। এ প্রতিযোগিতায় ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২.২ কিলোমিটার ম্যারাথন মিলিয়ে মোট ২২৬.৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়। বিরতিহীনভাবে কেউ ১৭ ঘণ্টার মধ্যে এসব শেষ করতে পারলে তাকে আয়রনম্যান মেডেল দেওয়া হয়। মিশু বিশ্বাস কৃতিত্বের সঙ্গে ১৩ ঘন্টা ১৯ মিনিটে তা সম্পন্ন করেন। তিনি সাঁতার শেষ করতে সময় নিয়েছেন ১ ঘণ্টা ৪১ মিনিট, সাইক্লিং শেষ করেছেন ৭ ঘণ্টা ১১ মিনিট এবং ম্যারাথন শেষ করেছেন ৪ ঘণ্টা ৭ মিনিটে। প্রতিযোগিতায় বয়সভিত্তিক ক্যাটাগরিতে তিনি ১১তম স্থান অর্জন করেছেন। সিভিল সার্ভিসে তিনিই প্রথম আয়রনম্যান।

এর আগে তিনি ২০২১ সালে তুরস্ক আয়রম্যান ৭০.৩ সফলভাবে সম্পন্ন করেন এবং ২০২০ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দেন। এ ছাড়াও তিনি বঙ্গবন্ধু ম্যারাথন, মেরিন ড্রাইভ ৫০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন এবং সিংগাপুর হাফ ম্যারাথন ও থাইল্যান্ড ম্যারাথনসহ প্রায় ২০টি হাফ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেন। 

মিশু বিশ্বাস সমকালকে বলেন, ‘এই অর্জন আমার জন্য অনেক গৌরবের। সবার প্রতি অনুরোধ, আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন। আমি যেন আরও বড় মঞ্চে বাংলাদেশের বিজয় কেতন ওড়াতে পারি।’

আরও পড়ুন

×