মাদকাসক্তি থেকে বেরোতে খেলাধুলায় গুরুত্বারোপ প্রধান বিচারপতির
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২২ | ১১:০৯ | আপডেট: ১০ নভেম্বর ২০২২ | ১১:০৯
মাদকাসক্তি থেকে বেরিয়ে আসতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি জানান, মাদকদ্রব্য সংক্রান্ত মামলা বিচার আদালতেই বেশি আসে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, যুবসমাজ আজ হুমকির মুখে। আদালতে যেসব মামলা বিচারের জন্য আসে, এর বড় একটি অংশ মাদকের।তিনি বলেন, আমাদের খেলাধুলার মাধ্যমে মাদকাসক্তি থেকে তরুণ সমাজকে বের করে আনতে হবে। এজন্য খেলাধুলার দিকে মনোযোগ দিতে হবে। এর মাধ্যমে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী মোমতাজ উদ্দিন ফকিরসহ অন্যরা উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।