ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

হলে বৈধ সিট নিশ্চিতের দাবি জানিয়ে ঢাবিতে মানববন্ধন

হলে বৈধ সিট নিশ্চিতের দাবি জানিয়ে ঢাবিতে মানববন্ধন
×

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৪:৫২ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ | ০৬:০৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে সব ধরনের দখলদারিত্বের অবসান ঘটিয়ে বৈধ সিট নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‘বৈধ সিট আমার অধিকার’ ব্যানারে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে তারা স্বাধীনচেতা মনোভাব নিয়ে বেড়ে উঠতে আসেন। কিন্তু সেই পরিবেশ তারা পাচ্ছেন না। তারা ন্যায্য অধিকার পাচ্ছেন না, ভয়ে কথাও বলতে পারছেন না। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ করতে পারলে ঢাবিতেও বৈধ সিট নিশ্চিত করা কঠিন কিছু নয়। এসময় আবাসিক হলগুলোতে বৈধ সিট নিশ্চিতের জন্য ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের আহ্বান জানান তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. সজিব বলেন, ‘বৈধ সিট ন্যায্য অধিকার। প্রক্টর, ভিসি শিক্ষকের চেয়ে রাজনৈতিক কর্মীর ভূমিকা বেশি পালন করেন। ঢাবিকে পুতুলে পরিণত করেছেন তারা। প্রক্টর, ভিসি সব কিছু দেখেও লেজুড়বৃত্তিতে নিমিত্ত।’

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, ‘আবরার হত্যাকাণ্ড বুয়েটের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি পুরো বাংলাদেশের নির্যাতনের বহিঃপ্রকাশ। আবরার হত্যা হাফিজ ও আবু বক্কর হত্যারই প্রতিফলন। প্রোগ্রামে জনবল পাবে না বলেই ছাত্রলীগ গেস্টরুম, গণরুম বন্ধ করতে চায় না।’

মানববন্ধনে শিক্ষার্থীরা বৈধ সিট নিশ্চিত করার জন্য ছয়টি দাবি জানান। দাবিগুলো হলো– প্রথম বর্ষ থেকে প্রশাসন কর্তৃক বৈধ সিট বরাদ্দ দেওয়া, গেস্টরুম সম্পূর্ণভাবে বন্ধ করা, অবৈধ সিট দখলকারীদের অবিলম্বে হল ত্যাগে বাধ্য করা, রাজনৈতিক গণরুম বাতিল করা, সিট বরাদ্দে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা ও পলিটিক্যাল রুমের নামে রুম দখল বন্ধ করা।

আরও পড়ুন

×