পুরস্কার পাচ্ছে বস্ত্র খাতের ১০ প্রতিষ্ঠান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ | ০০:৩০
পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএসহ ১০ প্রতিষ্ঠান ও সংগঠনকে সম্মাননা দিচ্ছে সরকার। বস্ত্র খাতের উন্নয়ন ও সম্প্রসারণে ভূমিকা রাখায় এ পুরস্কার দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১২ জানুয়ারি পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
পাটমন্ত্রী বলেন, বস্ত্র খাতের সক্ষমতা বৃদ্ধি, যুগোপযোগী করা ও বিনিয়োগে আকৃষ্ট করতে সরকার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে এ খাতের চাহিদা বাড়াতে ব্যাপক প্রচারের লক্ষ্যে ৪ ডিসেম্বর 'জাতীয় বস্ত্র দিবস' উদযাপন করা হয়। তিনি বলেন, দ্রুত সম্প্রসারিত এ শিল্প দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। বর্তমানে বস্ত্র খাতে প্রায় অর্ধকোটি লোক কর্মরত। এর মধ্যে ৮০ শতাংশই নারী। ফলে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এবার পুরস্কার পাচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপার্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমইএ), বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ), বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ), বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ), বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ার লুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও বাংলাদেশ তাঁতী সমিতি।
- বিষয় :
- বিজিএমইএ
- বস্ত্র খাত
- বাংলাদেশ সরকার
- পুরস্কার
