মিরপুরে এসি বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২ | ০৬:৪৯ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ | ০৬:৫২
রাজধানীর মিরপুরে বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ দুজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগম (৪৫) নামে ওই গৃহবধূ মারা যান।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন আজ রোববার বিকেলে সমকালকে এসব তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় দগ্ধ আরিয়ানের (১৫) অবস্থাও আশঙ্কাজনক।
দগ্ধদের স্বজনদের বরাত দিয়ে আইয়ুব হোসেন জানান, গত শনিবার ভোরে মিরপুর ১৩ নম্বর সেকশনের পূর্ব ঈমাননগর খালপাড় টিনশেড বাড়িতে এসির বিস্ফোরণে দগ্ধ হন গৃহবধূ হাজেরা বেগম (৪৫) ও আরিয়ান (১৫)।আগুনে হাজেরা বেগমের শরীরের ৫০ শতাংশ ও আরিয়ানের ৭০ শতাংশ দগ্ধ হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শনিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গৃহবধূ হাজেরা বেগম। দগ্ধ আরিয়ানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া সমকালকে বলেন, হাজেরা বেগমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
- বিষয় :
- এসি বিস্ফোরণ
- দগ্ধ
- মৃত্যু
