আবরার হত্যা: ছাত্রলীগের রাজনীতি বন্ধের দাবি ডাকসুর সাবেক নেতাদের
আবরার হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক নেতারা— সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ১০:১৮
বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার দায়ে ছাত্র রাজনীতি নয়, ছাত্রলীগের রাজনীতি বন্ধের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক নেতারা।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আবরার হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম প্রমুখ।
আ স ম আব্দুর রব বলেন, 'আবরারকে হত্যার মাধ্যমে পুরো জাতিকে হত্যা করা হয়েছে। অবৈধ সরকারের এজেন্ডা হচ্ছে, আমাদের কথা বলতে দেবে না। বিরোধী মতবাদকে কথা বলতে দেবে না। আজকে কেউ কেউ ছাত্র রাজনীতি বন্ধ করতে চান। ছাত্র রাজনীতি অপরাধ নয়, এটা না থাকলে রাষ্ট্রভাষা বাংলা হতো না। ছাত্র রাজনীতি না থাকলে এ দেশের গরিব শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারত না, গণশিক্ষা হতো না। ছাত্র রাজনীতি না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না।'
সরকারের উদ্দেশে তিনি বলেন, '১৩ অক্টোবর আবরারকে নিয়ে শোক মিছিল করতে দেওয়া হয়নি। এ দেশের জনগণ সরকারের শোক মিছিল করবে, সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এই সরকারকে পদত্যাগ করতে হবে। আপনাদের বিচার হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে।'
মাহমুদুর রহমান মান্না বলেন, আবরারের মতো একজন মেধাবী ছাত্রকে কী নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, এটা সবাই দেখেছেন। এর চেয়ে সংকটের বিষয় হলো, এই হত্যাকে এখন সমগ্র জাতির ওপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই হত্যাকাণ্ডে আর কেউ জড়িত নয়, শুধু ছাত্রলীগ। এ রকম একটি খুনি ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া উচিত ছিল। কিন্তু কৌশলে সরকার ছাত্র রাজনীতি নিষেধ করার প্রসঙ্গ নিয়ে এসেছে। মাথাব্যথার জন্য মাথাই কেটে ফেলার উপক্রম।
আমানুল্লাহ আমান বলেন, এই সরকারের কাছে জনগণের নিরাপত্তা নেই। এই সরকার ছাত্র সমাজকে নিরাপত্তা দিতে পারছে না। গণতন্ত্রের জন্য আজকে খালেদা জিয়া কারাগারে। গণতন্ত্রকে মুক্ত করতে হলে এবং আবরার ফাহাদের হত্যার বিচার করতে হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে।
খায়রুল কবির খোকন বলেন, যেভাবে ছাত্রলীগ সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, তাতে তাদের নিষিদ্ধ করতে হবে। বুয়েটে আবরার হত্যাকাণ্ডে জড়িতরা স্বীকার করেছে, বড় ভাইয়ের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই বড় ভাই কারা তা খুঁঁজে বের করতে হবে। তিনি বলেন, বুয়েট কর্তৃপক্ষ দায়িত্ব পালন করেনি তাই উপাচার্যকে পদত্যাগ করতে হবে।
- বিষয় :
- আবরার হত্যা
- ডাকসু
- ছাত্ররাজনীতি
