ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে: প্রধানমন্ত্রী

বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে: প্রধানমন্ত্রী
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩ | ১৪:০০ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ | ১৪:০০

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়ে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, গত ১৪ বছরে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে। বাংলাদেশকে আজ আর কেউ বন্যা, খরা, দুর্যোগের দেশ হিসেবে দেখে না। বাংলাদেশ এখন উদীয়মান অর্থনীতির দেশ। উন্নয়নের রোল মডেল।

সরকার গঠনের চার বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সরাসরি এই ভাষণ প্রচার করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। জাতিসংঘসহ দুই ডজনেরও বেশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনে বাংলাদেশ সক্রিয় সদস্য। গত অক্টোবরে পঞ্চমবারের মত বিপুল ভোটে বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে।

তিনি বলেন, প্রতিবেশিদের সঙ্গে শান্তিপূর্ণ সহ-অবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে স্থলসীমানা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে সিটমহলবাসীর ৬৮ বছরের বন্দি জীবনের অবসান হয়েছে।

সমুদ্রসীমানা নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে মীমাংসার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমানার শান্তিপূর্ণ মীমাংসার মাধ্যমে আমরা বঙ্গোপসাগরের ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সামুদ্রিক এলাকার ওপর স্বার্বভৌম অধিকার অর্জন করেছি। আমরা ১২ লাখের মত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছি।' 


আরও পড়ুন

×