ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হিরো আলমের রিট

উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হিরো আলমের রিট
×
×

ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩ | ১১:০৩ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ | ১১:০৩

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য ঘোষিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে আইনজীবী ইয়ারুল ইসলাম এই রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের সচিব, জেলা রিটার্নিং কর্মকর্তাসহ চার জনকে বিবাদী করা হয়েছে।

বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। কিন্তু ভোটার তালিকায় গরমিল থাকায় তার মনোনয়নপত্র প্রথমে জেলা রিটার্নিং কর্মকর্তা পরে নির্বাচন কমিশন থেকেও বাতিল করা হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেন হিরো আলম।

২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনেও হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র তোলেন। ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনই হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ওই সময় আপিল করলে নির্বাচন কমিশন শুনানির পর তা বাতিল করে। মনোনয়নপত্রে ভোটারের সই জালিয়াতির অভিযোগ তুলে আপিলেও তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। পরে উচ্চ আদালত তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এরপর বগুড়ার তৎকালীন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে ‘সিংহ’ প্রতীক বরাদ্দ দেন। ওই সময় তিনি ৬৩৮ ভোট পান। এতে তার জামানত বাজেয়াপ্ত হয়। তবে ভোটের মাঝমাঠে গিয়ে তিনি নির্বাচন বর্জন করেন।

আরও পড়ুন

×