দুর্নীতিবাজ আমলাদের ফাঁসির দাবি জাপা এমপির
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩ | ১৪:১১ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ | ১৪:১১
সরকারি আমলাদের দুর্নীতি নিয়ে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হয়েছে উল্লেখ করে এসব অভিযোগের তদন্ত এবং দুর্নীতিবাজ আমলাদের ফাঁসির দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী। আজ সোমবার সংসদের বৈঠকে সরকারি কর্মকমিশন বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জাপার এই এমপি বলেন, ‘আমলাদের প্রচুর সম্পত্তি বিদেশে আছে। আমলাদের মধ্যে বিদেশে কাদের বাড়ি আছে, সেই তালিকা এই সংসদে প্রকাশ করা উচিত। তাদের চাকরি থেকে বরখাস্ত করা উচিত। বিচার বিভাগে নিয়ে যাওয়া উচিত। প্রয়োজনে ফাঁসি দেওয়া উচিত।’
ফাঁসির দাবির যৌক্তিকতা তুলে ধরে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘একটা মানুষ খুন করলে একজন মানুষ মারা যায়। কিন্তু হাজার কোটি টাকা দুর্নীতি করলে দেশে দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দেয়। লক্ষ লোকের জীবন ঝুঁকির মুখে পড়ে। এই অবস্থায় তাদের অবশ্যই শাস্তি দেওয়া উচিত।’
আমলাদের সঙ্গে রাজনীতিবিদদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দেশের জন্য সংকট উল্লেখ করে তিনি বলেন, ‘আমলা বিষয়ক মন্ত্রী অত্যন্ত স্বজ্জন ব্যক্তি। আমলাদেরও স্বজ্জন হওয়া উচিত। রাজনীতিবিদদের মন থেকে শ্রদ্ধা করা উচিত।’
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘বিসিএসে দুইশ নম্বরের ভাইবা রাখা হয়েছে। এটা পরিবর্তন হওয়া উচিত। যত বেশি ভাইবা থাকবে ততবেশি অনিয়ম। লিখিত পরীক্ষার ফলাফল দেওয়া হয় না বেশিরভাগ ক্ষেত্রেই।’
