খুন, ডাকাতি, ধর্ষণের মামলা কমেছে ডিসেম্বরে: পুলিশ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩ | ১৭:২৪ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ | ১৭:২৪
দেশে খুন, ডাকাতি, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন মামলা কমেছে। গত নভেম্বর ও ডিসেম্বরের মামলা পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সোমবার দুপুরে পুলিশ সদর দপ্তরে এক মাসের অপরাধ পর্যালোচনা করতে সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিসেম্বর মাসের অপরাধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানে ডাকাতি, দস্যুতা, চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার মামলা-সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
মাসিক অপরাধ পর্যালোচনা সভা নিয়ে পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছরের নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে সারা দেশে খুন, ডাকাতি, ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের ঘটনায় মামলা কমেছে। তবে এ-সংক্রান্ত কোনো পরিসংখ্যান দেয়নি পুলিশ সদর দপ্তর।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শেষে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ভার্চ্যুয়াল সভা করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আইজিপির সঙ্গে ভার্চ্যুয়াল সভায় দেশের সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) যুক্ত ছিলেন।
আইজিপি বলেন, ‘পুলিশের সেবার মূল কেন্দ্র হচ্ছে থানা। তাই থানায় সেবার মান ও মামলার তদন্তের মান বাড়াতে হলে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাজ করতে হবে। থানায় আসা সেবা প্রত্যাশীদের সমস্যা সহানুভূতির সঙ্গে বিবেচনা করে আইনি সহায়তা দিতে হবে। এজন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি বাড়াতে হবে।’
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘জিরো টলারেন্স নীতির কারণে পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করে সফল হয়েছে। পুলিশ আইন-শৃঙ্খলার যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।’
আইজিপি আরও বলেন, “প্রধানমন্ত্রী মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। পুলিশ এ নীতি কঠোরভাবে বাস্তবায়নে করছে। অপরাধ দমনে জনগণের সম্পৃক্ততা আরও বাড়াতে হবে।” এ ক্ষেত্রে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বরোপ করেন তিনি।
- বিষয় :
- পুলিশ
- আইজিপি
- চৌধুরী আবদুল্লাহ আল মামুন
