বিমান চলাচলে সহযোগিতার সিদ্ধান্তে শেষ হলো কসক্যাপ সভা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩ | ১৬:১৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ | ১৬:১৭
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নিরাপদ বিমান চলাচলের বিষয়ে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কসক্যাপ-এসএ এর তিন দিনব্যাপী স্টিয়ারিং কমিটির সভা শেষ হয়েছে।
আজ শুক্রবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, বৃহস্পতিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে শেষ হওয়া সভায় বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতিনিধিদল অংশ নেয়। ভারত ও আফগানিস্তানের প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশ নিয়েছেন। এ ছাড়া সভায় বিশ্বের বেশ কয়েকটি বিমান সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় কসক্যাপ-এসএ এর সদস্য দেশগুলোর বিমান পরিবহন খাতের সুরক্ষার মান বৃদ্ধি, দক্ষিণ এশিয়ার বিমান পরিবহন খাতের জন্য দক্ষ মানব সম্পদ সৃষ্টি এবং এয়ার স্পেসের দক্ষ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিরও সিদ্ধান্ত নেওয়া হয়।
বেবিচক কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান কাউন্সিলের পার্ট-৩ এর সদস্য নির্বাচনের ক্ষেত্রে কসক্যাপ-এসএ-এর সদস্য দেশগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিতকরণের ওপর সভায় প্রস্তাবনা তুলে ধরেন। এ ছাড়া সভায় আগামী ১৫-১৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য ৫৮তম ডিজিসিএ সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
- বিষয় :
- কসক্যাপ
- বিমান চলাচল
- নিরাপদ বিমান চলাচল
