ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সব ফ্লাইওভার থেকে পোস্টার অপসারণ চেয়ে রিট

সব ফ্লাইওভার থেকে পোস্টার অপসারণ চেয়ে রিট
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:৫৯ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:৫৯

রাজধানীর সব ফ্লাইওভার থেকে দেয়াল লিখন ও পোস্টার অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ফ্লাইওভারের দেয়ালে পোস্টারিং ও দেয়াল লিখন বন্ধে তদারকি কমিটি গঠন এবং দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নেরও নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটকারীদের আইনজীবী মনজিল মোরসেদ রোববার সাংবাদিকদের বলেন, সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। তিনি জানান, দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত বা নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো স্থানে দেয়াল লিখন বা পোস্টার লাগানো যাবে না। এই বিধান লঙ্ঘন করিলে তা দণ্ডনীয় অপরাধ।

গত বৃহস্পতিবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী মো. সারওয়ার আহাদ ও রিপন বাড়ই এ রিট দায়ের করেন। রিটে স্থানীয় সরকার সচিব, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ, স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী, রাজউকের চেয়ারম্যান, ঢাকার পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন

×