ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দ্বৈত নাগরিকের বিদেশে সম্পত্তি কেনার বৈধতা প্রশ্নে রিটের শুনানি মুলতবি

দ্বৈত নাগরিকের বিদেশে সম্পত্তি কেনার বৈধতা প্রশ্নে রিটের শুনানি মুলতবি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:৪০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:৪০

সংবিধান ও আইন অনুসারে বাংলাদেশ থেকে আয় করা অর্থ দিয়ে দ্বৈত নাগরিকত্ব রয়েছে— এমন কোনো ব্যক্তি বিদেশে সম্পত্তি কিনতে পারেন কিনা, এ প্রশ্নে বাংলাদেশ ব্যাংক ও অ্যাটর্নি জেনারেলকে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

আদালতে সোমবার শুনানি করেন দুর্নীতি দমন কমিশনের ( দুদক) পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।

‘বিদেশে সম্পদ কেনার উৎসব’ শিরোনামে গত ৯ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই ‘প্রতিবেদন আমলে নিয়ে সংবিধান ও আইন অনুসারে বাংলাদেশ থেকে আয় করা অর্থ দিয়ে দ্বৈত নাগরিকত্ব রয়েছে— এমন কোনো ব্যক্তি বিদেশে সম্পত্তি কিনতে পারেন কিনা এবং তাদের দায়িত্ব ও দায় সম্পর্কে সংবিধান ও আইনে কী আছে, সে বিষয়ে জানতে চান হাইকোর্ট। দুদক ও রাষ্ট্রপক্ষকে এ বিষয়ে জানাতে বলা হয়। এছাড়া জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদকেও মতামত দিতে বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় সোমবার তারা আদালতে শুনানি করেন।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিদেশে বাড়ি ও সম্পত্তি কেনার ক্ষেত্রে উৎসব চলছে বাংলাদেশিদের। কানাডা, যুক্তরাষ্ট্রের পর দুবাই ও লন্ডনে হিড়িক পড়েছে সম্পদ কেনার। আগে আগ্রহের স্থান ছিল সিঙ্গাপুর ও মালয়েশিয়া। এখন সম্পদ কেনার পরিমাণ এতটাই বেড়েছে যে, বাংলাদেশিরা এখন সম্পদ কেনায় ধনী দেশের নাগরিকদের টপকে শীর্ষস্থান দখল করছেন।

আরও পড়ুন

×