বরিশাল-ঢাকা রুটে নভোএয়ারের ফ্লাইট চালু ১ মার্চ থেকে
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:২৮ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:২৮
সাত মাস বন্ধ থাকার পর ১ মার্চ থেকে বরিশাল-ঢাকা রুটে বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার ফ্লাইট পরিচালনা শুরু করছে। পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরুর পর যাত্রী সংকটের কারণে গত বছরের ১ আগস্ট থেকে এ রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করে নভোএয়ার।
আজ রোববার সংস্থাটির হেড অব মার্কেটিং মেজবা উল ইসলাম সমকালকে এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, এ রুটে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২ হাজার ৮০০ টাকা নির্ধারণ করেছে নভোএয়ার। প্রতি শনিবার, সোমবার ও বুধবার একটি করে বরিশাল-ঢাকা ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা থেকে সকাল ১০টা ৪০ মিনিটে বরিশালের উদ্দেশ্যে এবং বরিশাল থেকে ১১টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে।
এদিকে রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বরিশাল-ঢাকা রুটে সপ্তাহে তিনদিন (বৃহস্পতি, শুক্র ও রোববার) যাত্রী পরিবহন করছে। ১ মার্চ থেকে তাদের ভাড়া বাড়ছে। সংস্থাটির বরিশাল জেলা ব্যবস্থাপক চাঁদ মিয়া জানান, বিমান বরিশাল-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা করবে।
বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলাও সেতু চালুর পর ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট কমিয়েছে। গত বছরের ২২ আগস্ট থেকে তারা দিনে একটি করে ফ্লাইট চালানো শুরু করে। আগে প্রতিদিন ইউএস বাংলার দুটি করে ফ্লাইট চালু ছিল। বিমান পরিবহণ সংস্থাটির জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩ হাজার টাকা।
- বিষয় :
- নভোএয়ার
- বিমান ভাড়া
